১২ অক্টোবর ২০২৬ | রাত ৭:৫০:১৬ মিনিট

দেশের বাজারে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকবে।

আজ সোমবার সমিতির সভাপতি সেলিম খান রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে তারা দুই দিন বিক্রি বন্ধ রাখবে।

সেলিম খান বলেন, ‘বর্তমানে মাত্র ছয় থেকে সাতটি কোম্পানি সক্রিয় রয়েছে। ফলে সারা দেশে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।’ তিনি সরকার বা এলপিজি কোম্পানিগুলোকে এসব সিলিন্ডারে গ্যাস ভরে ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে গ্যাস কিনতে পারেন।

সেলিম খান জানান, সংবাদ সম্মেলন চলাকালে বিইআরসির চেয়ারম্যান তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় চেয়ারম্যান তাকে জানান, কমিশন ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনা করছে এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সর্বশেষ গত ৪ অক্টোবর দেশের বাজারে বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *