
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে অনলাইন প্রতারণা ও জুয়া পরিচালনার অভিযোগে পৃথক দুটি অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে আটক চারজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়া ও মহারাজপুর (ফতেহপুর) এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে মনিহারপুর দক্ষিণপাড়ার একটি টিনশেড ঘর থেকে অনলাইন প্রতারণার অভিযোগে মোমিন আলী (২৫), জাহাঙ্গীর আলম (২৬) ও শিহাব উদ্দিনকে (১৯) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর আইডি হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, মহারাজপুর (ফতেহপুর) এলাকায় পৃথক অভিযানে সিদ্দিক হোসেন (৩৭) নামে আরও একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, সিদ্দিক হোসেন অনলাইন প্রতারণার পাশাপাশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অনলাইন প্রতারণা ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Did you like this feature?

