স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে অবৈধভাবে জমি থেকে ভরাট বালি উত্তোলনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার(০২জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে লালপুর উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাতেনাতে আটক করা হয় মোঃ সাব্বির আহম্মেদ (২৩) ও মোঃ বাপ্পি আলি (২৯) নামে দুই ব্যক্তিকে। তারা উভয়েই লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের লুকমান ব্যাপারীর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন এ বিষয়ে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
,

