আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এরইমধ্যে গুমের শিকার ৫৫ জনের পরিবারের সদস্যরা তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন— এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে তিনি এ কথা বলেন।
এদিন গুমের শিকার ৫৫ জনের পরিবারের সদস্যরা চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। চিফ প্রসিকিউটর বলেন, গুমের এসব ঘটনাকে ওয়াইডস্প্রেড ও সিস্টেম্যাটিক অ্যাটাক বলে আখ্যায়িত করা হয়। কারণ প্রত্যেকটি ঘটনার একটির সঙ্গে আরেকটির মিল রয়েছে।
তিনি বলেন, গুমের শিকার ২৫১ জন বা যারা এখন পর্যন্ত ফেরত আসেননি, তাদের পেছনে একই ব্যক্তির সংশ্লিষ্টতা প্রায় ঘুরেফিরে পাওয়া যাচ্ছে।
আমিনুল ইসলাম বলেন, এ ধরনের গুম নিয়ে যখনই তদন্ত শুরু হয়েছে, তখনই কিছু কিছু অপরাধীদের তৎপরতাও বেড়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্কতা অবলম্বন
করতে হবে।
