নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দ্রুত অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত দুই যুবককে আটক এবং লুণ্ঠিত টাকার অধিকাংশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর লালপুর থানায় প্রেস রিলিজ দিয়ে এই তথ্য জানিয়েছেন আফসার ইনচার্জ শফিকুল ইসলাম। প্রেস রিলিজ শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে ডাচ বাংলা ব্যাংক লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে ভ্যানিটি ব্যাগে নিয়ে অটোচার্জার ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন মোছা. জেসমিন নাহার (৪০)। পথে বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সড়কে পৌঁছালে একটি চলন্ত মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা এজাহারের ভিত্তিতে লালপুর থানায় মামলা নং-০৫, তারিখ ৬ আগস্ট ২০২৬, ধারা ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে।
পরে নাটোর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল এবং লালপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো. সবুজ আলী (২০) ও মো. সোহাগ আলী (১৯) নামে দুইজনকে আটক করেন।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ জানান, “ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং লুণ্ঠিত অধিকাংশ টাকা উদ্ধার করা হয়েছে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *