
ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিল বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পাড়ে পুরো এলাকা। শেষ পর্যন্ত বোমা সাদৃশ্য বস্তু থেকে বেজে ওঠে শেখ মুজিবুর রহমানের ভাষণ।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ঐ বস্তুগুলো। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হবার কিছু নেয়, এগুলো বোমা নয়।
পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুঁটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমা সাদৃশ্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর দেয় পুলিশে। সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভেতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু।
এরপর শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি বস্তু রাখার খবর পাওয়া যায়। পরে উদ্ধার করা হয় কোর্টমোড়ের বস্তুটি।
পথচারীরা জানায়, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে শেখ মুজিবুর রহমানের ভাষণ। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোনো বোমা সাদৃশ্য বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
