
বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং সম্পর্কে ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। তবে সন্ত্রাসী সাজ্জাদ তা অস্বীকার করেছেন। শনিবার (৮ আগস্ট) তাকে গ্রেফতার করে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
শনিবার দিবাগত রাত ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেফতার করা হয়। তিনি জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমার নাগরিক দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম মহানগরে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
তবে সাজ্জাদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, গোলাম সরোয়ার খান নামে তার কোনো ফুফাতো ভাই কিংবা সহযোগী নেই।
