স্টাফ রিপোর্টার

নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে জয়বাংলা স্লোগান দিয়ে মাইক্রোবাসে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সাফার ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১৫ জনের একটি দল দত্তপাড়া বাজারে আসে। প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় সুন্দর কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে তিনি জানান।
ঘটনার পর দুর্বৃত্তরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

