০৭ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১১:২৩:২২ মিনিট
ছবি: সংগৃহীত।
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৪৩ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ২২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৩৫ জন। এছাড়া চট্টগ্রামে ১৯৮ জন, বরিশালে ১৫৩ জন, রাজশাহীতে ৯৯ জন, রংপুরে ৩৬ জন এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৯২ জন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *