
অনলাইন ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর নতুন করে আলোচনায় এসেছে বহুল আলোচিত এ হত্যার বিচার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী মোজাফফর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত ওই হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রাজধানীর বনানীর একটি বাসা থেকে গত ১৬ জুলাই তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে অবহিত করা হলে পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই হত্যাকাণ্ডের পেছনে সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের ভূমিকা ছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও প্রকাশিত বইয়ে উঠে এসেছে।
এসব বিবরণে তৎকালীন মেজর মোজাফফর হোসেনের নামও উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ডের সময় তিনি জিয়াউর রহমানের কাছাকাছি অবস্থানে ছিলেন বলেও বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।
প্রসিকিউশনের দাবি, পরবর্তী জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মোজাফফর হোসেন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর এ হত্যাকাণ্ডে অভিযুক্ত একমাত্র জীবিত আসামির বিচার শুরুর মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও স্পর্শকাতর একটি অধ্যায়। এখন বিচারিক প্রক্রিয়ায় কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

