দক্ষিণ জর্ডানের কারাক প্রদেশের একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জার চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী, দুই বন্দুকধারী গাড়ি নিয়ে গির্জার চত্বরে প্রবেশের পর এলোপাতাড়ি গুলি চালায়।
জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-মামলাকাকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় গির্জার ভেতরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। এ সময় গাড়ি থেকে নেমে হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। গির্জার ভেতরে ও বাইরে তখন প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ মিনিট ধরে গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলায় নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এদিকে জর্ডান সরকার জানিয়েছে, হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক প্রদেশে বেশ কয়েকটি খ্রিষ্টান পরিবারের বসবাস রয়েছে।
