স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়ে রাফা মনি কবিতাকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

 

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে কবির ইসলাম তার সাত মাসের মেয়ে রাফা মনি কবিতাকে আছাড় মারেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

 

শুক্রবার শিশুটির নানি সারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে রাফা মনির জন্ম। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তিনি মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন।

ঘটনার দিন লিমা অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে বালুরমাঠের হারুন মোল্লার বস্তিতে বাবার বাসায় যান। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে কবির ক্ষিপ্ত হয়ে শিশুটিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর তুলে রাস্তায় আছড়ে মারেন। এতে গুরুতর আহত রাফা মনিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *