
নাটোরের লালপুর উপজেলায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর মা অন্যত্র সংসার শুরু করলে কিশোরীটি মূলত নানার বাড়িতে বসবাস করলেও মাঝে মধ্যে বাবার বাড়িতে যাতায়াত করত।
অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে বাবার বাড়িতে বেড়াতে গেলে গভীর রাতে অভিযুক্ত তার মেয়েকে ধর্ষণ করেন। পরদিন সকালে নানার বাড়িতে ফিরে কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর মা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

