২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি। বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

বর্তমান ফর্ম, তারকা খেলোয়াড় ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা থাকলেও বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার ঘটনা মাত্র একবার। আর সেই একমাত্র সাক্ষাতে জয় পেয়েছিল আর্জেন্টিনা

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম ও এখন পর্যন্ত একমাত্রবারের মতো বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লুইস আর্তিমে, আর স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন পির্রি

তবে ওই আসরে দুই দলের যাত্রাপথ ছিল ভিন্ন। স্পেন গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠলেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।

প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এবার লড়াইটি গ্রুপপর্বে নয়, সরাসরি বিশ্বকাপের ফাইনালে। ইতিহাসের একমাত্র জয়ের স্মৃতি সঙ্গে নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, আর প্রথমবারের মতো বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্য থাকবে স্পেনের।

এখন দেখার বিষয়, ইতিহাস কি আবারও আর্জেন্টিনার পক্ষেই কথা বলবে, নাকি নতুন ইতিহাস লিখে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলবে স্পেন।বিশ্বকাপ ট্রফি ও বল। ছবি: সংগৃহীত

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *