স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে নাটোরের লালপুরের তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় রেখেছে।
জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় আসছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়।
এতে লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)নিহত হন।
আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।
