স্টাফ রিপোর্টার

নাটোরে ভুলবশত শিশুপুত্রের ছোড়া গুলিতে দেওয়ান মামুন নামে এক এসআই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইন্সে এই দূর্ঘটনা ঘটে। আহত এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানায়, বিদেশী নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজ বাসায় ফিরেন এসআই দেওয়ান মামুন। এসময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশ রুমে যান তিনি। পরে তার শিশু পুত্র পিস্তলটি নিয়ে খেলার সময় মিস ফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। খবর পেয়ে তিনিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
