নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর#সংবাদ শৈলী
নাটোরের গুরুদাসপুরে হামলার ১২ দিন পর মারা যাওয়া পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসানের আদালতে হাজির করা হয়। এ সময় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও নিবিড় তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশি পাহারায় নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল ইসলাম। তিনি গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।
গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন শাকিল। স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা দুই রাউন্ড গুলি ছোড়েন। শাকিল পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় শাকিলকে। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।
শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে কালো ব্যাজ ধারণসহ তিন দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন নেতারা।
এদিকে, শাকিলের মৃত্যুর পর সোমবার রাতে অভিযান চালিয়ে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। ডিবির ওসি নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।
শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে আদালতে আবেদন জানানো হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বলেন, আশা করছি অচিরেই আমরা এবার রহস্য উদঘাটন করতে সক্ষম হব।