স্টাফ রিপোর্টার

নাটোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি এ ইশতেহার পাঠ করেন। ইশতেহারে মোঃ ইউনুস আলী স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, কৃষি উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানোন্নয়নসহ প্রতিটি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে। তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে।” ইশতেহার ঘোষণাকালে জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা অধ্যাপক ইউনুস আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
