১৫ অক্টোবর ২০২৬ | বিকাল ৪:৩৪:৪৭ মিনিট

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ শীতের প্রধান দুই মাস। তবে এই দুই মাস আসার আগেই দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শীতের আবহ তৈরি হলেও সারা দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়তে আরও এক মাসের বেশি সময় লাগতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের প্রকোপ বাড়তে শুরু করতে পারে। এবার শীতের প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে।

তিনি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে এর তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।

এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে। ফলে শীতের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *