জেলা প্রতিনিধি ,নাটোর
নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ হত্বরে ওসির সামনে ৫লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবির অভিযোগে দায়ের করা মামলায় যুবদল রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।অপরদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপু (৩৯) গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থানকালে ওসির উপস্থিতিতে একই এলাকার মো. রাকিবুর রহমান রাজা (৩৫) তার কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাকে চন্দপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে “মেরে হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়,এমন অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। মামলায় রাকিবুর রহমান রাজাসহ তিনজনকে আসামি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, তুলাধুনা বাজার ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু উভয়েই দরপত্রে অংশ নেন। তপু বেশি মূল্যে সিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন ।
ইতোমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টাকা সংক্রান্ত হুমকিসূচক বক্তব্য শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
অভিযোগ অস্বীকার করে রাজা বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি ৫ লাখ টাকা চেয়েছি, তবে তা চাঁদা নয় পাওনা টাকা।
এদিকে নাটোর জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে তার পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য এ সংক্রান্ত বিষয়ে সংবাদ শৈলীতে ভিডিও এবং সংবাদ

প্রচারিত হয়েছিল। #

