স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে। রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে।
ভুক্তভোগী তুলাধোনা বাজারের নতুন হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু জানান, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেন্ডারের মাধ্যমে তিনি তুলাধুনা হাটের ইজারা পান।
তিনি অভিযোগ করেন, সভা শেষে ইউএনও অফিসের সামনে বের হওয়ার সময় ওসি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতেই রাকিবুর রহমান রাজা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি তার। এ বিষয়ে ভাইরাল হওয়া একটি ভিডিওতে যুবদল নেতা রাজা ৫ লাখ টাকা দিতে বলছেন । না দিলে হাপা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা রাজা বলেন, এক বছর আগে তপুর কাছে তার ৫ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাই তিনি চেয়েছেন। “পুলিশ প্রশাসন ও এত লোকের সামনে চাঁদা কেন চাইতে যাবো?”—এমন মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুজ্জামান সরকার বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার দাবি, চাঁদা বা টাকা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে রাজা ক্ষোভের বশবর্তী হয়ে তপুকে ‘এলাকায় আয়, তোকে দেখে নেব’ বলে মন্তব্য করেছেন। এরপরও তপু নিরাপত্তাহীনতায় ভুগলে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


