নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল (৩০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের বাবু (৪০) ও সাজদার (৫০)। তাঁরা সবাই কৃষিশ্রমিক হিসেবে বিভিন্ন এলাকায় ধান রোপণের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে কয়েকজন শ্রমিক পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের কাজে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ঈশ্বরদীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইয়ারুলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *