
স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে এমকে পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল মজিদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘা গ্রামের জফির প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কৃষিকাজের জন্য সার কিনতে বাড়ি থেকে বের হন আব্দুল মজিদ। সার কেনার পর তা একটি ভ্যানে করে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে নিজে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে নাটোর-পাবনা মহাসড়কের দাইড়পাড়া এলাকায় পৌঁছে সড়কে উঠতে গেলে দ্রুতগতির এমকে পরিবহনের একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সড়কে একজন মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় জড়িত এমকে পরিবহনের বাসটি আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে।

