স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে টাকাভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্ট। পিস্তল ঠেকিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করে তিন দুর্বৃত্ত। এ সময় লোহার রড ও পিস্তলের বাট দিয়ে পিটিয়ে তাঁকে আহত করা হয়। তবে স্থানীয় লোকজন এগিয়ে এলে গুলি, গুলির খোসা ও জুতা-স্যান্ডেল ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। আহত পরিমলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিমল কবিরাজ উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বনপাড়া বাজারে বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।
পরিমলের ছোট ভাই বিপ্লব কবিরাজ জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। ইজিবাইকে আরও দুই যাত্রী ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে। এ সময় তারা পরিমলকে টাকাভর্তি ব্যাগসহ তুলে নেওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা পরিমলকে লোহার রড দিয়ে পেটায়। একপর্যায়ে পিস্তলের বাট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় পরিমল ও অন্য যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে জুতা-স্যান্ডেল ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আহত পরিমলকে হাসপাতালে নিয়ে যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রোববার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

