
স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. শাকিল ইসলাম চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ১৪ অক্টোবর রাত ১০টার দিকে হামলার শিকার হন তিনি। শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় নাটোর -০৪ গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আটক করেছে ডিবি পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালান।
এ সময় তারা দুই রাউন্ড গুলিও ছোড়েন। পরে শাকিল পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান শাকিল।
এদিকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজসহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা চিকিৎসাধীন অবস্থায় শাকিলকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শাকিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি আব্দুল হান্নান জাগো নিউজকে জানান, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একইসঙ্গে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে স্থানীয় চাঁচকৈড় বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে একটি সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব রবিউল করিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ অন্য নেতারা। এ সময় বক্তারা কালো ব্যাজ ধারণসহ তিন দিন শোক পালনের ঘোষণা দেন। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আলটিমেটাম দেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এ ঘটনার পর পরই রাতেই ডিবি পুলিশেল একটি দল অভিযান চালিয়ে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান মিন্টুকে আটক করা হয়েছে।
