
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে মাদকসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মতিহার থানা পুলিশ ৭ পিস ট্যাপেন্টাডলসহ তাকে আটক করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনি সংগঠন থেকে বহিষ্কৃত হন। পরে আবার তাকে দলে ফেরানো হয়। নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া বহিরাগতদের নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিষয়টি জানতে পেরেছি। ছাত্রদল সবসময় মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে বদ্ধপরিকর। এখনো নিশ্চিত নই, মাদক তার নিজের কাছে ছিল নাকি তার বন্ধুদের কাছে ছিল। যদি এমন কিছু হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি গোলাম কবির বলেন, হাসিব মাদকসহ আটক হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আইন অনুযায়ী মাদক নেওয়া ও ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। সে যেহেতু মাদক নিয়ে ধরা পড়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ব্যাবস্থা নেওয়া হবে
