মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সালাহ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহ উদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সালাহ উদ্দিন। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় সেভেন রিং সিমেন্টের তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপ এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, তেলবাহি গাড়ি ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, ‘দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

মিরসরাই থানার কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *