২৭ অক্টোবর ২০২৬ | রাত ৭:২৫:৫৬ মিনিট
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল আহমেদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, শাকিল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল সব ধরনের আন্দোলন ও আইনি তৎপরতা চালিয়ে যাবে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের একজন কর্মঠ ভাইকে এভাবে চলে যেতে হলো, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অত্যন্ত মর্মাহত। আপনারা সবাই জানেন, ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। গত কয়েক দিন ধরে নাটোরের স্থানীয় প্রশাসনের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছিল।
ছাত্রদলের রক্ত ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মীর রক্তের ওপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই লাখ লাখ নেতাকর্মী যখন আমাদের দলের চেয়ারম্যানের নেতৃত্বে একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীকে হত্যা ও আহত করার ঘটনা আমরা দেখতে পাচ্ছি।
বিচারের বিষয়ে ছাত্রদলের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, অপরাধী যত শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, তাকে গ্রেপ্তার করতে গতকাল আমরা স্থানীয় প্রশাসনকে বাধ্য করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাকিল আহমেদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, ভবিষ্যতে যারাই নেতৃত্বে আসুক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শাকিলের বিচার যেন আড়ালে পড়ে না যায়, সে ব্যবস্থা করব। প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে বাধ্য করতে যা যা করা প্রয়োজন, ছাত্রদল তা-ই করবে।
মামলার বিচারপ্রক্রিয়া তদারকির কথা উল্লেখ করে নাছির উদ্দীন নাছির বলেন, আপনারা দেখেছেন, গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব বিষয়ে ছাত্রদল নিবিড়ভাবে পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে। সরকারের উচ্চপর্যায় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। কোনো আসামি যেন আইনের কোনো ফাঁকফোকর দিয়ে বের হতে না পারেন, সে ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর রয়েছি।
দলীয় পদ বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে যেন কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়েও আমরা সোচ্চার আছি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শাকিলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে ছাত্রদল সব সময় ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, ডা. তৌহিদুর রহমান আউয়াল ও মমিনুল ইসলাম জিসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *