স্টাফ রিপোর্টার

:
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর থানা পুলিশ উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করে। এ সময় মৃত সোনাউল্লাহ সরকারের ছেলে মোঃ বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী মোছাঃ মারজিনা খাতুন (৫০)-এর দেহ ও বাড়িঘর তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক দু’জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবর রহমান জানান, ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
