স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে এক মাস বয়সী এক কন্যা শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার একদিন পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে দুইজন মহিলা। গত শনিবার বিকালে শিশুটিকে বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় ১৫ বছর বয়সী অজ্ঝাত এক কিশোরী। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে আনুমানিক ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী লালপুর উপজেলার নবীনগর গ্রামের দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে। মেয়েটি নিজেকে অত্যন্ত অসহায় দাবি করে সেখানে আশ্রয় প্রার্থনা করে। জালাল উদ্দিনের পরিবার মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে থাকতে দেন এবং খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন।
কিন্তু সন্ধ্যার আগেই সুযোগ বুঝে ওই কিশোরী ঘরে থাকা জালাল উদ্দিনের সদ্য ভূমিষ্ঠ এক মাস বয়সী কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সকালে ওই শিশুটিকে কাডড়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী দুইজন মহিলা দেখে ফেলায় অজ্ঞাত কিশোরীটি শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে গ্রামের ওই দুই মহিলা শিশুটিকে নিয়ে মায়ের কোলে ফিরিয়ে দেন।
লালপুর থানার (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা জালাল উদ্দিন থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। পুলিশ ওই কিশোরীটিকে শানক্ত ও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুটি সুস্থ রয়েছে।
