
স্টাফ রিপোর্টার
টোরের সিংড়া উপজেলায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্য। এসময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম ইসলাম, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম।
আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের বাড়িতে মরদেহ উদ্ধারসহ আইনগত কার্যক্রম গ্রহণের জন্য গেলে তাদের কাজে বাধা দেন এবং তিন পুলিশ সদস্যের ওপর হামলা করে স্থানীয়রা। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

