০২ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১১:১৫:৪৫ মিনিট

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামে ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘরের টিনের বেড়া উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম অসুস্থতার কারণে গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ফলে ঘটনার সময় তিনি মসজিদে উপস্থিত ছিলেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জিনসহ মসজিদ কমিটির সদস্যদের কাছে আছে।

 

পুলিশ বলছে, বিস্ফোরণের আলামত দেখে মনে হচ্ছে এটি বোমার বিস্ফোরণ। তবে, কে বা কারা ঘরের ভেতরে বোমা রেখেছে এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

মসজিদ কমিটির সদস্য মালেক আকন গণমাধ্যমকে বলেন, ইমামের থাকার কক্ষে কে বা কারা বোমা রেখেছে, সেটা আমরা জানি না। আজ আমরা নামাজরত অবস্থায় থাকলে যদি বোমাটি বিস্ফোরিত হতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।

 

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে মনে হচ্ছে, বোমা রেখেছিল কেউ। আমরা এরকমটাই ধারণা করছি, তবে এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *